প্রচন্ড ঝড়ের আগে যখন শো শো শব্দে বাতাস বয়, ঘরের ভেতর যখন সারি সারি পিপঁড়া লাইন বেঁধে দেয়ালের উপর উঠতে থাকে , সমুদ্রের ঢেউ যখন উত্তাল হয়ে ওঠে, পাখীরা ভয় পেয়ে ডানা ঝাপটাতে শুরু করে, আমার ভীষণ ভাল লাগে তখন। খবরে চিন্তিত খবর পাঠিকা যখন বলে, জেলেদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে ১০ নম্বর বিপদ সংকেতের জন্য , তখন আমার ভাল লাগা দ্বিগুণ বেড়ে যায়।
আমার বৃষ্টির স্যাতস্যাতে ঘর দোর , জানালা, কাপড়ের আশঁটে গন্ধ, ভেজা বারান্দা কিছুই ভাল লাগে না। আমি প্রচন্ড ঝড় ভালবাসি। ঝিরি ঝিরি দিন ভর বৃষ্টি আমার ভাল লাগে না। অঝর বৃষ্টি এলেও মন খারাপ হয়ে যায়।
আমার কখনো বৃষ্টির দিনে মাংস খিচুড়ির অভিলাষ হয়না। বৃষ্টির দিনের গান শুনতে ইচ্ছে হয় না।
আমি অপেক্ষা করি একটা তুমুল ঝড়ের জন্য। অথচ ঝড়ে সমুদ্র উপকূলের মানুষ প্রচন্ড বিপদে পড়ে। মানুষের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয় । আমার কিছু আসে যায় না তাতে। আমি ঠায় আসন্ন বিপদের জন্য অপেক্ষা করি । ঝড়ের তান্ডবের জন্য অপেক্ষা করি।এমন একটা ঝড় যে ঝড়ে তুমি আমার কাছে চলে আসবে।
আমার অবচেতন মনের কোথাও হয়তো আছে ঝড়ে হলে তোমার একটা ইলেকট্রিকল ব্রেইন স্টিমুলেশন হবে। যার কারনে,তোমার পৃথিবী তখন শুধু আমি ময় হবে। আমি তখন তোমার সবকিছুর পূর্বিতা হব।
যখন তোমার এই পরিবর্তন চলে আসবে, তখন আমার ইচ্ছে মত তোমাকে ভালবাসব।
যেমন ধরো রাত দুটোর সময় আমার ইচ্ছে হলো আমি তোমাকে একটু দেখব। তোমাকে মুঠোফোনে একথা জানাতেই তুমি তরি ঘরি করে ছুটে আসতে চাইবে, আমি তখন শান্ত গলায় যদি বলি ভোরবেলা এসো, তুমি লক্ষী ছেলের মত সে কথাই শুনবে। আবার ধরো গ্রীষ্ম কালে আমি যদি বর্ষার কদম ফুলের কথা বলি, তুমি তখন দুঃখে কাতর হয়ে বলবে কদম সারা বছর কেন পাওয়া যায় না। মোট কথা আমি যা চাই তুমিও ঠিক তাই চাইবে।
আমার এমন একটা ঝড় চাই, যে ঝড়ে আমার তুমি শুধু আমার জন্যই হবে। এই যে আমাদের এই অনৈতিক অন্যায় যে প্রণয় এ নিয়ে তোমার কোন সংশয় থাকবে না। আমাকে উজার করে ভালবাসতে তুমি কুন্ঠিত হবে না। তোমার আমার অবেলার এই ভালবাসাকে খুব প্রশান্তির মনে হবে তোমার কাছে।
সঞ্চিতা শারমিন (Shancheta Sharmeen)
Send private message to author



