আরবান লাইফ
“”””””””””””'””””””
সকালের ঢাকা প্রচন্ড ব্যস্ত এখন ! লোকজন প্রায় দৌড়াচ্ছে যেনো ! এদের মাঝেই বসে আছি ট্র্যাফিক সিগনালে নিজেকে কেমন শামুকের মতো মনে হয় !
আজ নির্ঘাত দেরী হয়ে যাবে স্কুলে পৌঁছাতে ।
হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাতটা কুড়ি বাজে
বুঝলাম ঘড়িটা বন্ধ হয়ে আছে !দাদী বলতেন , বন্ধ ঘড়ি থাকলে নাকি সময় খারাপ যায় !
কথাটা মনে পড়তেই আপন মনেই হেসে উঠলাম
এখনকার দিনে কোন লোকটার সময় ভালো যায় ?
ব্যাগ থেকে সেলফোনটা বের করলাম সময় দেখবো বলে ,ঠিক তখনই বেজে উঠলো ফোন ।
এতো সকালে আননোন নাম্বার থেকে ফোন
হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে আসা
ভরাট কণ্ঠস্বর শুনে চূড়ান্ত অশান্ত লাগলো নিজেকে
তিন বছর আগের এক সকালের দৃশ্য
ভেসে উঠলো চোখের সামনে ….
আকস্মিকতা বলতে কি বোঝায় সেদিন বুঝেছিলাম
যেদিন আমারই ক্লাসমেট নবনীতাকে বিয়ে করার
সিদ্ধান্তের কথা জানিয়েছিল সে !তখন কেমন আচমকা পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিলো , তা শুধু আমিই জানি ।
ওপাশ থেকে নাভিদের উদ্বেগ ভরা কণ্ঠস্বর ভেসে আসছে …
- শুনতে পাচ্ছো সঞ্চিতা ?
- পাচ্ছি , বলো !
- তুমি বোধ হয় স্কুলে যাচ্ছো ! আসলে তোমার সাথে একটু প্রয়োজন ছিলো আমার ! আজ বিকেলে একটু
সময় হবে তোমার ? - আজই ? কি এমন প্রয়োজন শুনি !
- কথাটা দেখা করেই বলতে চাই ! আমি জানি তুমি না করবে না !
- এতোটা কনফিডেন্স এর কারন ?
- সমস্তটা ইউনিভার্সিটি লাইফ কাটালাম তোমার সাথে!
খুব ভালো করে জানি তোমাকে ! তুমি কখনও কাউকে না বলতে পারোনা ! এখন বলো কোথায় মিট করছো ? - আমার বাসার সামনে যে কফি শপটা আছে , ওখানে চলে আসো বিকেল পাঁচটায় !
কফি শপে যখন পৌঁছালাম ,তখন বিকেলের আলো মরে এসেছে ! একদিকে সটান উঠে যাওয়া শপিং মল
অন্যদিকে শেষ বিকেলের আকাশ !
সকালে নাভিদের ফোনটা পাওয়ার পর থেকে ক্লাস গুলোতেও মন দিতে পারিনি সেভাবে ! কেমন এক মন খারাপ করা দিন গেলো আজ ! যদিও মন খারাপের কোনো জায়গা এই শহরটাতে আর নেই ! ঢাকা শহর এখন এক অন্ধকার যুদ্ধক্ষেত্র যেন প্রতি মুহূর্তে একে অপরের সাথে লড়াই করে বাঁচে এখানে ।
বাইরের আকাশের দিকে চোখ পড়তেই দেখলাম অদ্ভূত এক আলো ছড়িয়ে আছে আকাশে ! যেনো কেউ গোলাপী রংএর সেলোফেন দিয়ে মুড়ে রেখেছে চারিদিক !এই আলোটা বেশিক্ষণ থাকে না, কিন্তু যতক্ষন থাকে , অদ্ভূত এক মন ভালো করা হাওয়া বইতে থাকে মনে ।
কতক্ষন এভাবে তাকিয়েছিলাম জানিনা ! পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো
- কি দেখছো অমন করে সঞ্চিতা ?
শুনেই বুকের ভেতর শুরু হয়ে গেলো দ্রিম দ্রিম আওয়াজ !
কিছুই বুঝতে না দিয়ে বললাম ,
- আসলে দেখিনা , শিখি ! আমরা যে কতো সামান্য এই সত্যিটা আকাশ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ! এই বিশালত্বের কাছে আমরা যে নেহাত শূন্য সেটা বোঝা যায় ! লোভ কমে আসে, মায়ার বাঁধনগুলো ছেড়ে যায় ! জীবন অনেক সহজ হয়ে যায় ।
- আমার জীবনটা বোধ হয় আর কখনো সহজ হবেনা !
- এ কথার মানে কি ? নবনীতা ভালো আছেতো ?
- তোমাকে ঠিক বুঝিয়ে বলতে পারবোনা ! ও আমাকে দিন রাত স্টক করে ! আমার সেলফোন , ফেইসবুক , ভাইবার , হোয়াটস অ্যাপ সবকিছু চেক করে ! কিযে খোঁজে কিছুই বুঝিনা ! প্রতিদিনের ঝগড়া ঝাটি আর মেন্টাল স্ট্রেস আর নিতে পারছিনা আমি ! তাই তোমার সাথে শেয়ার করলাম ! কি করবো এখন কিছুই বুঝতে পারছিনা !
- আমাদের চারপাশের মানুষগুলো আধুনিকতার একটা বাহ্যিক আবরণে মুড়ে রাখে নিজেদের ! কিন্তু এদের মনের ভেতরের শ্যাওলা সহজে যাবার নয় ।
- কার জন্য মানুষ এগোয় জীবনের দিকে ? কার জন্য সে জ্বালায় আগুন এই বুকের ভেতর ? কার জন্য সে কষ্ট পেতে রাজী হয় ? ভালবাসার নামে নিজের সংসার আর তোমাকে ছেড়ে নতুন করে শুধুই নিজের মনের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে , নতুন ভাবে জীবন শুরু করেছিলাম ! কিন্তু কি লাভ হলো বলো ?
- শোনো নাভিদ , সব সম্পর্ক সবসময় কেঁচে মাড় দিয়ে ইস্তিরি করার মতো থাকেনা ! অধিকাংশ ক্ষেত্রে জীবন টস করার মতো ! বাছতে হয় হেড বা টেল ! কেউ যদি মনে করে দুটোই পাবে তাহলে তার অতৃপ্তি কেউ ঘোচাতে পারেনা ! তবে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছিনা , তুমি আমার সাথেই কেনো এ কথাগুলো শেয়ার করছো ?
- সত্যিই জানিনা ! মনে হলো শুধু তুমিই আমার কষ্টটা বুঝতে পারবে !
- কষ্ট হলো স্যান্ড পেপারের মতো ! তার ঘষায় মনের মধ্যেকার রং আপনিই উঠে যায় ! তাই কষ্টগুলো ডাল পালা মেলার আগেই ছোট ছোট বনসাই এর আকার দিতে হয় , যেনো দুঃখের পাশাপাশি সুখগুলোকেও সমান ভাবে উপভোগ করা যায় !
- তুমি যতটা সহজ করে বললে , জীবনটা কি এতো সহজ সঞ্চিতা ?
- সহজ করে ভাবতে শিখতে হবে তোমাকে নাভিদ , যদি জীবনটাকে জটিল না করতে চাও !
- সব কিছু এখন অর্থহীন মনে হয় আমার !
- একটা কথা বলি , তুমি নবনীতাকে নিয়ে কয়েকটা দিন বেড়িয়ে এসো কোথাও থেকে ! শুধু তোমরা দুজন !
ওকে সময় দাও , কথা বলো ! দেখবে সব ঠিক হয়ে যাবে ! - কিছুই ঠিক হবেনা ! ওর ধারনা তোমার সাথে এখনও আমার একটা সম্পর্ক আছে !
- ওর ভাবনা কি ভুল ?
- ভুল ঠিক আমি জানিনা , তুমি আমার বেস্ট ফ্রেন্ড ছিলে সবসময় , থাকবে আজীবন !
- না থাকবোনা ! আজকের পর কোনো ব্যাপারে আমাকে তুমি নক করবেনা ! আর কখনো দেখা হবেনা আমাদের ! তুমি এখন এসো !
- কেনো ?
- কারন , নবনীতার সাথে আবার আমাকে নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হোক আমি তা চাইনা । প্লিজ লিভ মি এলোন !
একটু জোরেই বলে ফেলেছিলাম বোধ হয় ! তাই
পাশের টেবিলে বসা যুগলদের দৃষ্টিও তখন আমাদের দিকেই নিবদ্ধ ! ও বেরিয়ে যাবার আগে শুধু অস্ফুটে বললো ‘ভালো থেকো ‘।
কফি শপের স্বচ্ছ কাঁচের ভেতর থেকেই দেখতে পেলাম
ওর গাড়ির রেড কালারের টেল লাইটটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে এই মেগা সিটির নাড়ি ভুঁড়ির ভেতর !
বাইরে বেরিয়ে দেখলাম তখন রাত নেমে আসছে ! ষ্ট্রীট ল্যাম্প গুলোর আলো গাছের ছায়ার সাথে মিশে একটা মেরুন রং এর ওড়না মেলে দিয়েছে শহরটার মাথায় ! চওড়া রাস্তার একপাশে বড় বাড়িগুলো যেন কম্বলে মাথা ঢেকে দাঁড়িয়ে রয়েছে ! যেনো অজানা কেউ শাস্তি দিয়েছে ওদের ! যেনো কেউ বলে গিয়েছে , এভাবেই সবার কাছ থেকে সরে গিয়ে দূরে চলে গিয়ে একাকী বাঁচতে হবে ওদের ঠিক আমার মতো ।
সাবরিনা নিপু
Send private message to author





