কেন মোটিভেশনাল স্পিচ বা ভিডিও কাজ করেনা

আমরা যারা নব্বইয়ের দশকে জন্মেছি কিংবা মিলেনিয়াল আছি যারা তাদের অনেকেই জীবনের কোন না কোন সময়, কোন না কোন সমস্যা নিয়ে হতাশায় ভুগেছি। কেউ হয়তো ভাল বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি বলে হতাশ ছিলাম, কেউ মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে জিপিএ ৫ পাইনি বলে,কেউ নিজের সিজিপিএ নিয়ে কেউবা আবার নিজের পছন্দকে বিসর্জন দিয়ে বাবা মা এর ইচ্ছায় ক্যারিয়ার বেছে নিয়ে। এছাড়াও আরও অনেক নানাবিধ কারনই থাকতে পারে। এই হতাশাকে দূর করতে গিয়ে আমরা ঠিকই ফেসবুকে কিংবা ইউটিউবে বিভিন্ন মোটিভেশনাল স্পিচ অথবা ভিডিও দেখেছি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সমাবর্তনে স্টিভ জবস এর বক্তৃতা শুনে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানির সিইও হওয়ার স্বপ্ন দেখেছি। তারপরের দুইদিন, তিনদিন কিংবা সর্বোচ্চ এক সপ্তাহ কোন সময় নষ্ট করিনি, সারাদিন প্রোডাক্টিভ থেকেছি। কিন্তু এরপরেই একদিন কোন একটা অনলাইন কোর্স করার সময় মনে হল, এতদিন তো অনেককিছু পড়লাম, পড়ে পড়ে দিনরাত উল্টায়ে ফেললাম, এবার একটু ঘুমাই, এরপরে মনে হল একটা মুভি দেখি, আচ্ছা একদিন ব্রেক নেই, কালকে থেকে পড়ে ফাটায় ফেলব। সবশেষে দেখা যায় আমরা আমাদের সেই হতাশ জীবনেই ফিরে গেছি, যেই লাউ সেই কদু।

আপনিও যদি আমার মত “কালকে থেকে পড়তে বসব” কিংবা “পরের সেমিস্টারে দেখিয়ে দেব” মানসিকতার কেউ হন তাহলে এই লেখাটি আপনার জন্য। এই লেখায় আমি ব্যাখ্যা করার চেষ্টা করব কেন আমরা মোটিভেশনাল ভিডিও অথবা বক্তৃতার কথাগুলো মেনে চলতে পারিনা, কেন ভিডিওগুলোর ম্যাসেজ অথবা বার্তাগুলো ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ থাকে আমাদের জীবনে এর প্রয়োগ হয়না।

প্রথমেই একটা অপ্রিয় সত্য কথা বলি। একজন মানুষ কখনও অন্য একজন মানুষকে মোটিভেট করতে পারে না। একজন মানুষ কখনওই আপনাকে সবসময়ই উৎসাহ দিতে পারেনা। আপনারা অনেকেই এখন বলবেন, এইটা কেমন কথা? এই পৃথিবীতে তো অনেক নেতাই এসেছেন যারা তাদের বক্তৃতার মাধ্যমে মানুষকে সবসময় উৎসাহ জুগিয়ে গেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ রেসকোর্স ময়দানে ভাষন দিয়ে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে যোগদানে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ দিয়েছেন। আসলে ব্যাপারটা কিন্তু তা না। বাঙালি নিজেই নিজেকে উৎসাহ দিয়েছে। উনি শুধুমাত্র সেই উৎসাহের বাতিটা প্রতিটা বাঙালির অন্তরে জ্বালিয়ে দিয়েছিলেন। তাই, মোটিভেশনাল ভিডিও দেখার পাশাপাশি নিজেকে চেনাটাও অনেক জরুরি। আপনাকে নিজের ক্ষমতা ও দক্ষতা সম্পর্কে ভালোমতো জানতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের পারপাস(purpose) বা নিজের লক্ষ্যটাকে চেনা। আপনাকে যদি এখন প্রশ্ন করি আপনি কেন পড়াশুনা করবেন, কেউ বলবেন সিজিপিএ এর জন্য, কেউ বলবেন ভালো চাকুরীর জন্য। আসলে এগুলো কোন পারপাস বা লক্ষ্য না, এগুলো হচ্ছে ফলাফল। লক্ষ্য হচ্ছে এগুলোর চেয়েও বড়, লক্ষ্য হচ্ছে আপনি যা নিজের অন্তরে ধারণ করেন ও মনে প্রাণে বিশ্বাস করেন। সাইমন সিনেকের ” How great leaders inspire action” এই টেড টক টি অনেকেই দেখে থাকবেন। এই বক্তৃতার একটি লাইন আমার সবসময় মনে থাকবে, ” People don’t buy how you do it, people buy why you do it. ” এখানে “why” শব্দটি দিয়ে আপনার সেই পারপাস বা লক্ষ্যকেই বুঝানো হয়েছে। এই লক্ষ্য নির্বাচনের ক্ষেত্রে আমরা অনেকটা আত্মকেন্দ্রিক চিন্তা করি, এই ধরনের চিন্তার ফলে অনেক সময় আমাদের ব্যক্তিগত হতাশা, ভয়কে দূর করা সম্ভব হয়না। তাই আমাদের লক্ষ্যটা আমাদের নিজেরদের চেয়েও বড় হওয়া উচিত। উদাহরণ হিসেবে আমাদের মুক্তিযুদ্ধের কথাই ধরা যাক, এই যুদ্ধের লক্ষ্য কিন্তু কারো ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ছিলনা, ছিল দেশকে স্বাধীন করার, আর এই ব্যক্তিগত স্বার্থকে আমরা দূরে ঠেলে দিতে পেরেছিলাম বলেই কিন্তু আমরা সফল হয়েছি। 

মোটিভেশনাল ভিডিওগুলো আমাদের ক্ষুদ্র পরিসরে কাজ করতে আগ্রহ যোগায়। এগুলোর প্রভাব হয়তো আপনার উপরে একদিন দুইদিন থাকবে কিন্তু এগুলোকে অভ্যাস অথবা লাইফস্টাইল বানাতে হলে লক্ষ্য থাকাটা ভীষণ প্রয়োজন। আমরা আমাদের জীবনের অনেক মূল্যবান সময় মোটিভেশনাল ভিডিও অথবা স্পিচ এর পিছনে ব্যয় করেছি কিন্তু কখনোই নিজেকে প্রশ্ন করিনি আমি কি বিশ্বাস করি, আমি কি চাই। যার ফলে আমরা মোটিভেশনাল ভিডিওগুলো দেখেছি ঠিকই কিন্তু এর সাথে কোন যোগাযোগ স্থাপন করতে পারিনি। তাই আমাদের জীবনে এগুলোর প্রভাবও বেশিদিন টেকেনি। 

তাই, সবশেষে, যারা এই লেখাটি ধৈর্য সহকারে এতক্ষণ পড়েছেন, তাদের প্রতি আমার অনুরোধ একটু সময় নিয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি কি চান, আপনি কি বিশ্বাস করেন। যদি আপনি আপনার লক্ষ্য খুঁজে বের করতে পারেন এবং লক্ষ্য পূরণে কাজ করার তীব্র ইচ্ছা যদি থাকে তাহলে আপনাকে হয়তো আর কোন মোটিভেশনাল ভিডিওই দেখতে হবেনা, নিজেই নিজের মোটিভেশনাল স্পিকার হয়ে যাবেন। আপনি যদি জানেন আপনার গন্তব্য কোথায় এবং সেখানে যাবার সুতীব্র ইচ্ছা যদি আপনার থাকে, পথ যত অচেনা, দুর্গমই হোক না কেন আপনি ঠিকই সে পথ খুঁজে নেবেন।

-Asaduzzaman Faisal

References: 

  1. https://www.psychologytoday.com/us/blog/the-power-prime/201109/personal-growth-why-inspirational-talks-dont-work
  2. Why motivational speeches don’t work, Link: https://youtu.be/9AAHMTiu4ZA
  3. How great leaders inspire action, Link: https://youtu.be/qp0HIF3SfI4
Send private message to author
What’s your Reaction?
0
2
0
0
0
0
0
Share:FacebookX
Avatar photo
Written by
Asaduzzaman Faisal
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Locbook Platform

Locbook is an independent platform for aspiring writers

error: Content is protected !!